মৃত্যুফাঁদে পরিণত হয়েছে হানিফ ফ্লাইওভার
দৈনিক একটা না একটা দুর্ঘটনা ঘটছেই রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে। এতে অনেকেই শঙ্কিত, হতাহত হচ্ছেন। গতকালও ওই ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। এতে করে ফ্লাইওভারটি যেনমৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তবে দ্রুত সময়ের মধ্যে ওই ফ্লাইওভারে সিসি ক্যামেরা স্থাপন করে বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন ভুক্তভোগীরা।
সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওয়ারী থানার সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাসুম ও নাসির হোসেন।
ওয়ারী থানার এসআই মিজানুর রহমান ইনকিলাবকে জানান, রাজধানীর সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভার ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুর্ঘটনার শিকার হন। পরে রক্তাক্ত অবস্থায় আমরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।