শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 01 এপ্রিল 2026, 06:45 বিকাল • 90 বার পঠিত
মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গর্তের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান।

গ্রামের বাসিন্দা জুনেদ আহমদ বলেন, সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আশপাশের ক্ষেতের জমিতে পানি জমে যায়। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের কৃষি জমির পানিতে খেলতে নামে তিন শিশু।

ক্ষেতের পাশে মাটি কেটে একটি বড় গর্ত করা ছিল। সেখানেও পানি জমে ছিল। খেলার একপর্যায়ে তিন শিশু সেখানে গিয়ে ডুবে যায়।

এক পথচারী বিষয়টি দেখে চিৎকার করেন। তখন স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করে রবিরবাজারে একজন চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি পাওয়া যায়, তাহলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।