মোহাম্মদপুরে ওসির ওপর হামলা, খতিব-ইমামসহ গ্রেপ্তার ১২
রাজধানীর মোহাম্মদপুর থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের ওপর হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হয়েছেন সাতমসজিদ হাউজিং এলাকার ভাঙা মসজিদের খতিব ওমর ফারুক ও একই মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান সোমবার বিকেলে এই খবর নিশ্চিত করেছেন।
আহত আবুল কালাম আজাদ এখন মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভের জন্য জড়ো হন। ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে ছিলেন। তিনি মুসল্লিদের দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করতে বলেন। তিনি ফিরে আসার পর কয়েকজন যুবক তার ওপর হামলা করেন।
শেখ মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।