মোদীর স্বাধীনতা দিবসে চীন ও পাকিস্তানকে হুঁশিয়ার
ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণের সময় নাম উল্লেখ না করে প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের এ ভাষণে মোদী বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা এলওসি থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি পর্যন্ত যখনই ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমাদের সেনারা তাদের নিজস্ব ভাষায় এর কড়া জবাব দিয়েছে। ’
গত জুন মাসে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের কথা উল্লেখ করে মোদী বলেন, ‘ভারতের অখণ্ডতা রক্ষা আমাদের কাছে সবার আগে। আমাদের সেনারা ঠিক কী করতে পারে, দেশ কী করতে পারে, লাদাখের উদাহরণের মাধ্যমে গোটা বিশ্ব তা দেখেছে। আজ লালকেল্লা থেকে সেই বীর সেনাদের আমি শ্রদ্ধা জানাই। ’
‘সন্ত্রাসবাদ হোক বা আগ্রাসনবাদ, ভারত দুইয়ের বিরুদ্ধেই লড়াই করছে’, নাম উল্লেখ না করে পাকিস্তান ও চীনের উদ্দেশে বলেন তিনি।