শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মোবাইলে মিলবে মামলার সব তথ্য

অনলাইন নিউজ পোর্টাল • 31 ডিসেম্বর 2020, 11:27 দুপুর • 281 বার পঠিত
মোবাইলে মিলবে মামলার সব তথ্য

চট্টগ্রামে মামলা নিয়ে কমছে ভোগান্তি, এখন সব তথ্য মোবাইলে পাওয়া যাবে। থানায় সেবাপ্রত্যাশীদের এ ভোগান্তি কমাতে এসএমএসভিত্তিক তথ্য সেবা চালু করতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে 'সিএমপি বন্ধন' নামে এ সেবা চালু হচ্ছে। পয়লা জানুয়ারি নগরীর ১৬ থানায় পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হবে।

বুধবার সিএমপি কমিশনার সালেহ মো. তানভীর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, শ্যামল কুমার নাথ, মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিএমপি কমিশনার বলেন, এটি কোনো অ্যাপ নয়, নিজস্ব সার্ভারে তৈরি একটি সফটওয়্যার। সব থানার কম্পিউটারে থাকবে এটিতে। এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য বাদী ও তদন্ত কর্মকর্তার মোবাইলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয়ের মনিটরিং সার্ভারে চলে যাবে। এতে পুলিশ কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হবে।

নগরীর ১৬টি থানার যেকোনো এলাকায় কোনো ব্যক্তি জিডি বা মামলার সঙ্গে সঙ্গে তার মোবাইলে মামলা বা জিডির নম্বর, মামলার ধারা, তদন্ত কর্মকর্তার নাম এবং যোগাযোগের নম্বর স্বয়ংক্রিয়ভাবে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে।

একইসঙ্গে তদন্ত কর্মকর্তার মোবাইল ফোনে যাবে মামলার সব তথ্য ও বাদীর যোগাযোগ নম্বর। পরে এসএমএসের মাধ্যমে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা পরস্পর যোগাযোগ রক্ষা করতে পারবেন। শুধু তাই নয়, কোনো মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও একইভাবে এসএমএসের মাধ্যমে বাদী এবং নতুন তদন্ত কর্মকর্তাকে মামলার বিষয়ে জানানো হবে।

মামলার তদন্ত কার্যক্রম শেষে গৃহীত ব্যবস্থার বিবরণ যেমন- চার্জশিট ও ফাইনাল রিপোর্টের মতো তথ্যগুলোও এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন বাদী।