মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে
১২ এপ্রিল রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। একইভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতেও।
আরব নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র রমজান মাস শুরু হওয়ায় বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। সৌদি আরবে রমজান মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। সে অনুযায়ী, মদিনায় মসজিদে নববী ও মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করতে হলে অবশ্যই করোনা টিকা নিতে হবে বা করোনা থেকে সেরে ওঠার পর কমপক্ষে ১৪ দিন অতিবাহিত হতে হবে।
পাশাপাশি, এ মাসে যারা ওমরাহ পালন করতে চান, তাদেরও একই নিয়ম মানতে হবে। এছাড়া জনসমাগমপূর্ণ স্থানে ইফতার ও সেহেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে ইতিকাফও।
একইভাবে ইউরোপের বিভিন্ন দেশেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে রমজান মাস।