মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা
মোহাম্মদ খাইরুল আমিন
•
23 মার্চ 2025, 10:36 রাত
•
102 বার পঠিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার (২৫ মার্চ) স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রদান করবেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।
রোববার (২৩ মার্চ) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে।
স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রাপ্তদের তালিকা:
- বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
- সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
- সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
- সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
- শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
- প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, যা জাতির কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।