মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহে জড়িয়েছে বিদ্রোহীরা
মিয়ানমারে নিরাপত্তা বাহিনী ও মিলিশিয়া বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ২০ জনের। চলতি সপ্তাহে সেনাশাসনের বিরোধীরা জনতার উদ্দেশে ‘প্রতিরক্ষামূলক যুদ্ধের ডাক’ দেয়ার পর তৈরি হয় এ রক্তক্ষয়ী পরিস্থিতি।
মিন থার গ্রামে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের মধ্যে সশস্ত্র লড়াই চলছে। নিহতদের মধ্যে স্থানীয় মিলিশিয়া ছাড়াও রয়েছে সাধারণ গ্রামবাসীও। সেনাশাসিত সরকারের মুখপাত্র জাও মিন তুন সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় দৈনিক ইরাবতী।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমারের অধিকারকর্মী ও সেনাবাহিনীর বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো বিশ্বসম্প্রদায়ের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। বহির্বিশ্বের কার্যকর পদক্ষেপের অভাবে মিয়ানমারের জনতাই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে বলে অভিযোগ পক্ষগুলোর।
সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শনিবার এক বিবৃতিতে বলে, পাল্টা লড়াই করা ছাড়া মিয়ানমারের তরুণদের সামনে আর কোনো পথ খোলা নেই।
মিয়ানমারের সেনা সরকারবিরোধী জোট ন্যাশনাল ইউনিটি গভমেন্টের (এনইউজি) সঙ্গে সরাসরি আলোচনার জন্য জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের প্রতিও আহ্বান জানিয়েছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট।