শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের টিভি-ফোন-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন নিউজ পোর্টাল • 01 ফেব্রুয়ারি 2021, 01:35 দুপুর • 443 বার পঠিত
মিয়ানমারের টিভি-ফোন-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন ক্ষমতাসীন মন্ত্রীকে আটকের পর মিয়ানমারের টিভি-ফোন-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার ভোর থেকে দেশটিতে ইন্টারনেট, টেলিফোন সংযোগ এবং রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

এএফপি জানিয়েছে, নেটব্লকস নামের এক নাগরিক সংগঠন বলছে, স্থানীয় সময় আজ ভোররাতে টেলিযোগাযোগ ব্যাহত হয়। মিয়ানমারের রাজধানী নেপিডোতে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সু চিকে আটকের অনেক খবর জানা যাচ্ছে না।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র জানান, সোমবার ভোরে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর লোকজন দেশটির বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের আটক করে নিয়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে।

সু চিকে আটক করার পর সেনাবাহিনী রাজধানী নেইপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় টহল দিচ্ছে।  

গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সু চির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

২০১১ সাল পর্যন্ত মিয়ানমার শাসন করেছে সামরিক বাহিনী। সু চি অনেক বছর ধরে গৃহবন্দি ছিলেন।

সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।