মিয়ানমারের সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে ৮০ সেনা নিহত
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮০ সেনা নিহত হয়েছে।
এক ফেসবুক পোস্টে বেসামরিক যোদ্ধাদের নতুন একটি গ্রুপ কারেননি ন্যাশনালিটিস্ট ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) জানিয়েছে, সোমবার রাজ্যের রাজধানী লোলকৌ থেকে ডেমোসোতে ১৫০ সেনা আসার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েক ঘণ্টা ধরে এই লড়াই চলে বলে জানিয়েছে কেএনডিএফ। এই সংঘর্ষে একজন যোদ্ধা নিহত হয়েছে। আর আহত হয়েছে আরও ছয়জন।
গ্রুপটি তাদের বিবৃতিতে জানায়, সোমবার বিকেল ৫টার মধ্যে ৮০ জনের বেশি সেনা নিহত হয়। এর জবাবে পরে তারা সামরিক যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং আর্টিলারি দিয়ে ডেমোসোতে হামলা চালায়।
গত ২১ মে জান্তা এবং কারেননি প্রতিরোধ গ্রুপের মধ্যে প্রথমবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে লড়াই অব্যাহত আছে। দেশটির প্রায় ১,০০,০০০ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়ে উপাসনালয় এবং বনে আশ্রয় নিয়েছেন।
এদিকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের আরো একজন প্রতিবাদকারীকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, অভ্যুত্থান বিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৮৪১ জনের মৃত্যু হলো।
গ্রুপটি জানিয়েছে, বর্তমানে মিয়ানমারে মোট ৪,৪৪৩ জনকে আটক রয়েছে। এদের মধ্যে ১১০ জনকে সাজা দেয়া হয়েছে।