মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই শুরু হয়েছে
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাইল্যান্ড সংলগ্ন সীমান্তের কাছে দেশটির একটি সামরিক চৌকিতে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে বিদ্রোহী কারেন আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকাটিতে দুই পক্ষের মধ্যে এই তীব্র লড়াই শুরু হয়।
কারেন ন্যাশনাল ইউনিয়ন বলছে, তীব্র লড়াইয়ের মধ্যে দিয়ে তারা সেনাবাহিনীর অবস্থানটি নিয়ন্ত্রণে নিয়েছে। কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) বাহিনীগুলো স্থানীয় সময় ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সীমান্ত চৌকিটি দখল করে নেয়।
কারেন ন্যাশনাল ইউনিয়ন গোষ্ঠীটির বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান জানিয়েছেন, শিবিরটি দখল করে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কতোজন হতাহত হয়েছে কেএনইউয়ের সদস্যরা তা পরীক্ষা করে দেখছে। অন্য কয়েকটি জায়গায়ও দুই পক্ষের মধ্যে লড়াই হচ্ছে বলে জানিয়েছেন এ মুখপাত্র, কিন্তু বিস্তারিত জানাননি।
স্থানীয় মিডিয়া গোষ্ঠী ‘কারেন তথ্য কেন্দ্র’ জানিয়েছে, সেনাবাহিনীর ঘাঁটিটি ছারখার করে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা সৈন্যদের দৌঁড়ে পালাতে দেখছেন বলে জানিয়েছে তারা। তবে কারেনদের এসব দাবির বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।