মিয়ানমারের বিরুদ্ধে, আইসিজেতে ৫০০ পৃষ্ঠার নথি জমা দিয়েছে গাম্বিয়া
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ আবেদন জমা দিয়েছে গাম্বিয়া।
শুক্রবার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ৫০০ পৃষ্ঠারও বেশি নথি জমা দিয়েছে দেশটি। এছাড়াও ওই নথিগুলোর পক্ষে পাঁচ হাজার পৃষ্ঠার প্রমাণাদিও উপস্থাপন করেছে গাম্বিয়া।
মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, আইসিজের আদেশ অনুযায়ী মিয়ানমার সরকারের অবিলম্বে চলমান গণহত্যা রোধ করা উচিত। এছাড়া রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার সব প্রমাণও সংরক্ষণ করা উচিত দেশটির।
এর আগে, ২০১৭ সালে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযানের নামে আগুন লাগিয়ে দেয় মিয়ানমারের সেনারা। এরপর নির্বিচারে সেখানে গণহত্যা চালায় তারা। ওই সময় রাখাইন থেকে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেন। মিয়ানমার সরকার সন্ত্রাস দমনের নামে ওই অভিযান চালালেও একে জাতিগত নিধন বলে অভিহিত করেছে জাতিসংঘ। ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনীর বিরদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে শুনানি চলছে জাতিসংঘের উচ্চ আদালতে।
ফোর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচারের দিকে নতুন আরেকটি পদক্ষেপ এটি। আন্তর্জাতিক জবাবদিহিতা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যদের প্রতি ব্যাপক নৃশংস আচরণ অব্যাহত রয়েছে।