শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জুন 2022, 06:30 বিকাল • 394 বার পঠিত
মিয়ানমারে শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী

মিয়ানমারের সামরিক জান্তার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। গত তিনদিনের অভিযানে তারা এটা করেছে। স্থানীয় মিডিয়া ও লোকজন এই খবর জানিয়েছে। প্রতিপক্ষকে বাগে আনার জন্য অভিযান চালাচ্ছে সামরিক জান্তার সেনারা। 

গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা ক্ষমতায় আসে। এর পর থেকে তারা সাগাইং অঞ্চলে স্থানীয় পিপলস ডিফেন্স পার্টির (পিডিএফ) কাছ থেকে কঠিন প্রতিরোধের মুখে পড়ছে। তাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। 

গ্রামবাসী ও স্থানীয় মিডিয়ার সূত্র থেকে জানা যাচ্ছে, কিন, আপার কিন ও কে তাং গ্রামের শত শত বাড়িঘর গত তিন দিনের অভিযানে পুড়িয়ে দেওয়া হয়েছে।  

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানিয়েছেন, কিন গ্রামের মানুষজন গত ২৬ মে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। তখন সৈন্যরা এসে শূন্যে গুলি ছুড়তে শুরু করেছিল। 

‘‘পরের দিন সকালে তারা চলে যাওয়ার আগে আমরা আমাদের গ্রাম থেকে ধোঁয়া উড়তে দেখলাম-’’ জানিয়েছেন ওই গ্রামবাসী। 

বার্তা সংস্থা এএফপির ড্রোন ফুটেজে দেখা গেছে, আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলি। চিন্ডউইন নদী থেকে আট কিলোমিটার এলাকা জুড়ে এই কুণ্ডলি উড়তে দেখা গেছে।

এএফপির ডিজিটাল ভেরিফিকেশন রিপোর্টাররা জানিয়েছেন, এই ভিডিও ক্লিপ গত সপ্তাহের আগে অনলাইনে দেখা যায়নি। যদিও তারা নিরপেক্ষভাবে ওই অঞ্চল থেকে ফুটেজটি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। 

সৈন্যরা ‘‘অভিযান চালিয়ে আমাদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে।’’ কে তাং গ্রামের একজন নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই কথা বলেছেন।

তিনি বলেছেন, ‘‘ওরা আমাদের চলাচল ও গ্রামের জন্য খাবার আনার মোটর বোট জ্বালিয়ে দিয়েছে। আমার নৌকাটাও জ্বালিয়ে দিয়েছে।’’