মিয়ানমারে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা
মিয়ানমারের উত্তরাঞ্চলে হাজার হাজার সৈন্যের সমাবেশ ঘটাচ্ছে দেশটির সামরিক সরকার। সেখানে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
২২ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর বার্ষিক মানবাধিকার প্রতিবেদন তুলে ধরেন টম অ্যান্ড্রুস। তিনি মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত।
প্রতিবেদনে টম অ্যান্ড্রুস বলেন, আরও নৃশংস অপরাধ সংগঠিত হওয়ার ব্যাপারে প্রস্তুত থাকা উচিত, যেমনটা মিয়ানমারের ওই অঞ্চলের মানুষও প্রস্তুত রয়েছেন। আমি খুব করে চাই যেন, আমার আশঙ্কা ভুল হয়।
অ্যান্ড্রুস বলেন, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে লাখো সেনা ও ভারি অস্ত্র জড়ো করার তথ্য তিনি পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সেখানে জান্তা সরকারের সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, এই তথ্যগুলো ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার আক্রমণের পূর্বের সামরিক সমাবেশের ভীতিকর কৌশলের কথা স্মরণ করিয়ে দেয়।