শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মিয়ানমারে আটক ৫৬ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল মিয়ানমার নৌ বাহিনী

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মার্চ 2025, 03:48 দুপুর • 218 বার পঠিত
মিয়ানমারে আটক ৫৬ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল মিয়ানমার নৌ বাহিনী

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌ বাহিনীর হাতে আটক হওয়া ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০-১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারগুলো মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌ বাহিনী তাদের আটক করে। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ‘বুধবার দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬টি ট্রলার মাছ ধরার একপর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌ বাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায় ।’

আটক ট্রলারের মালিকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম এবং মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের দুটি ট্রলার ছিল।