মিথ্যা মামলা দিয়ে ১টি কুচক্রি মহল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী রহ.এর স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে মিথ্যা মামলা করে একটি কুচক্রি মহল কওমী অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
আল্লামা আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছিল, এটি একটি মীমাংসিত বিষয়। হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ডেথ সার্টিফিকেটেও তাঁর মৃত্যুকে স্বাভাবিক বলা হয়েছে। যা দেশবাসীর সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট। হযরতের মৃত্যুর জন্য কাউকে দায়ী করা নির্জলা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমিরগণ এসব কথা বলেন।
বিবৃতিতে হেফাজতের নায়েবে আমিরগণ আরো বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. দারুল উলূম হাটহাজারী’র দীর্ঘ সময়ের মহাপরিচালক এবং বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ছিলেন। তিনি হাটহাজারী মাদরাসাসহ বাংলাদেশের সর্বস্তরের কওমী মাদরাসা সমূহের মুরুব্বি ও অভিভাবক ছিলেন। তার ইন্তিকালে দেশের আলেমসমাজ, মাদরাসার ছাত্র শিক্ষক ও ধর্মপ্রাণ জনসাধারণ যখন গভীরভাবে শোকাহত তখন তার মিত্যু নিয়ে মিথ্যা মামলা দায়ের করে রাজনৈতিক ফায়দা হাসিলের যে অপচেষ্ঠা করা হচ্ছে সকলের কাছে তা স্পষ্ট হয়ে গেছে।