মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লেভেল ক্রসিংয়ে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রেন ধাক্কা দিলে অন্তত ১১ জন মারা গেছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাইয়ের বরতাকিয়া স্টেশনে ঢোকার মুখের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ওই লেভেল ক্রসিং পার হচ্ছিল। এই সময় খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস লাইনে উঠে পড়ে।
তিনি আরো বলেন, এই সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়। এমন অবস্থাতেই ট্রেনটি মাইক্রোবাসকে বেশ কিছুটা পথ ছেঁচড়ে নিয়ে গিয়ে থামে।
জানা গেছে, হাটহাজারী থেকে রওনা হওয়া ওই মাইক্রোবাসে ১৪ জন ছিলেন। তারা খৈয়াছড়ায় বেড়াতে যাচ্ছিলেন। এদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা যান।
দুইজন গুরুতর আহত। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আরোহীদের মধ্যে কেবল একজন অক্ষত আছেন বলে জানা গেছে।
আনসার আলী আরও জানান, ‘‘ট্রেন আসায় গেটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে।’’