শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহানবীকে নিয়ে মন্তব্যে মুসলিম বিশ্বে ক্ষোভ, বিজেপিতে বহিষ্কার

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জুন 2022, 03:17 দুপুর • 419 বার পঠিত
মহানবীকে নিয়ে মন্তব্যে মুসলিম বিশ্বে ক্ষোভ, বিজেপিতে বহিষ্কার

মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে কিছু নীতি তো ভারতকে মেনে চলতেই হবে। মহানবী (সাঃ) কে নিয়ে তাদের দুই নেতার অবমাননাকর মন্তব্যের পর মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। বাধ্য হয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দুই নেতাকে বহিষ্কার করেছে। খবর বিবিসির। 

বিজেপির সরকারি মূখপাত্র নুপুর শর্মা। গত মাসে তিনি একটি টেলিভিশন সংবাদ বিতর্কে হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাপারে অবমাননাকর মন্তব্য করেন। তাতে মুসলমানদের কাছ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নাভিন জিন্দাল নুপুরের মন্তব্যের সমর্থনে টুইট করেন। 

নুপুর শর্মার মন্তব্য বা জিন্দালের টুইট অনলাইনপোর্টালডটকম এখানে উল্লেখ করছে না। কারণ, ওইসব মন্তব্য খুব অবমাননাকর। 

নুপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে কানপুরে গত শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষ হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বে। চাপে পড়া বিজেপি নুপুর শর্মাকে বরখাস্ত আর জিন্দালকে বহিষ্কার করে। দুই নেতাই প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন। 

বিজেপি একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘বিজেপি যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তির অপমানের বিরুদ্ধে অবস্থান নেয়। যে কোনো সম্প্রদায় ও ধর্মের অপমানের বিরুদ্ধেও বিজেপি। বিজেপি ওই ধরনের মতাদর্শ ও ব্যক্তির সঙ্গে নেই।’’

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ভারতে মুসলমানদের ওপর যে কোনোভাবে আক্রমণের পরিমান বেড়েছে। সমালোচকরা বলেন, নুপুর ও জিন্দালদের মন্তব্য গত কয়েক বছরে সৃষ্ট ধর্মীয় অসহিষ্ণুতার প্রমাণ। 

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি যেভাবে ব্যাপারটি সামলাতে চাইল তা যথেষ্ট নাও হতে পারে। কারণ, এর মধ্যে দেশটির এই ঘটনা আন্তর্জাতিক ঘটনায় রূপ নিয়েছে। রোববার কুয়েত, কাতার ও ইরান তাদের দেশে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে। সোমবার এই ঘটনায় সৌদি আরবও প্রতিবাদ জানিয়েছে। 

আরব বিশ্বে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ভারতীয় পণ্য বর্জনের ট্রেন্ড চালু হয়েছে।

এদিকে কাতার জানিয়েছে, এই ঘটনায় ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে তা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে।  

সৌদি আরবও কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি মুখপাত্র নারীর করা মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানায়।’’

মুসলিম বিশ্বের ৫৭ সদস্যের সংগঠন ইসলামিক কনফারেন্স (ওআইসি) ও পাকিস্তান এই ঘটনায় ভারতের সমালোচনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় সরকার ও বিজেপির এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। কারণ, তা না করলে আরব বিশ্ব ও ইরানের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যাবে। 

নুপুর শর্মার মন্তব্যের জের ধরে উঠে আসা এই ইস্যুতে আসলে ভারতের অনেক কিছু ঝুঁকির মধ্যে পড়ে গেছে। গাল্ফ কর্পোরেশন কাউন্সিলের (জিসিসি) সঙ্গে ভারতের ব্যবসা আছে। এই জিসিসিতে আছ কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ২০২০-২০২১ এ এখানে ৮৭ বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে ভারতের। ওইসব দেশে ভারতের লাখ লাখ মানুষ বসবাস ও কাজ করে। তার দেশে কোটি কোটি টাকা রেমিট্যান্স পাঠায়। ভারতের জ্বালানী আমদানির জন্যও ওই অঞ্চলটা গুরুত্বপূর্ণ। 

২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত আরব দেশে ভ্রমণ করে থাকেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের ফ্রি ট্রেড চুক্তি আছে। জিসিসির সঙ্গে আরো বড় পরিসরে বাণিজ্য করার ক্ষেত্র আছে। 

গত কয়েক বছর ধরে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ঠাণ্ডা-গরম। এই বিতর্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের আসন্ন ভারত সফর নিয়েও প্রশ্ন তুলে দিতে পারে। 

বিশেষজ্ঞরা মনে করেন, এই বিতর্ক ভারতের সাম্প্রতিক বছরগুলোর সাফল্যের ওপর পানি ঢেলে দিতে পারে।