শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহানবী (সাঃ) কে অবমাননা, ভারতে বিক্ষোভকারী মুসলমানের বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জুন 2022, 08:13 রাত • 360 বার পঠিত
মহানবী (সাঃ) কে অবমাননা, ভারতে বিক্ষোভকারী মুসলমানের বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার

মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে ভারতে বিক্ষোভ করা মুসলমানদের বিপদ বাড়ছে। তাদের ওপর পুলিশি নির্যাতন নেমে আসছে। শুক্রবার উত্তর প্রদেশে জুমার নামাজের পর ব্যাপক বিক্ষোভ হয়। আর এর একদিন পর আজ রোববার উত্তর প্রদেশের শাহারানপুরে বুলডোজার দিয়ে একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর পরিমানে পুলিশের উপস্থিতিতে এটা করা হয়েছে। যার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তিনি একজন রাজনীতিবীদ। শুক্রবারের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ তার ওপর। 

সংবাদকর্মীদের নেওয়া ভিডিওতে দেখা গেছে মোহাম্মদ জাভেদ নামের ওই অভিযুক্তের বাড়ির সামনের মূল ফটক ও দেওয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। জাভেদ প্রয়াগরাজ এলাকার একজন রাজনীতিবীদ। পুলিশের দাবি, শুক্রবার শহর জুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের মূলে ছিলেন জাভেদ। 

সেদিন ৫ ঘণ্টা ধরে চলেছে বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। 

জাভেদের বাড়িতে বুলডোজার চালানোর আগে বাড়ির জিনিসপত্র পুলিশকে বাইরে বের করে আনতে দেখা যায়। পৌরসভার দল কিছু আসবাবপত্র রাস্তায় এনে রাখে। 

প্রয়াগরাজ ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ এদিনই নোটিশ পাঠায়। তারা জানায়, জাভেদের বাড়িটির নীচতলা ও দোতলা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এতে আরো বলা হয়, তারা মে মাসে নোটিশ পাঠালেও এই পরিবার বাড়িটি অবৈধভাবে বানানো হয়েছে তা অস্বীকার করেছিল। তাদের দাবি, ৯ জুন পাঠানো নোটিশে ১২ জুন সকাল ১১টার মধ্যে জাভেদ ও তার পরিবারকে বাড়ি খালি করতে বলা হয়েছিল। 

যদিও জাভেদের আইনজীবী এলাহাবাদে আদালতে চিফ জাস্টিসের কাছে পাঠানো চিঠিতে এই ঘটনাক্রম অস্বীকার করেছেন। তাদের দাবি, কর্তৃপক্ষ নিয়ম না মেনে বাড়ি ভেঙেছে। যা অবৈধ। তারা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নোটিশ পাননি বলে জানান। 

জাভেদ প্রয়াগরাজের পরিচিত রাজিনীতিবীদ। ভারতীয় ওয়েলফেয়ার পার্টির সঙ্গে আছেন তিনি। জাভেদের স্ত্রী ও মেয়েকে শনিবার পুলিশ তাদের হেফাজতে নেয়। তবে পুলিশ জানিয়েছে, এই দুজনকে গ্রেপ্তার করা হয়নি। 

মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য শুক্রবার বিজেপির দুই বহিষ্কৃত নেতা নুপর শর্মা ও নাভিন জিন্দালের শাস্তি চেয়ে করা বিক্ষোভের জন্য উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ ৩০০’র বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। ঝাড়খণ্ডের রাচিতে পুলিশের গুলিতে মারা গেছেন দুই বিক্ষোভকারী। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ৯১ জন প্রয়াগরাজের, ৭১ জন শাহারানপুরের ও ৫১ জন হাথরাসের। 

নুপুর শর্মা ঘটনার কেন্দ্রে। তিনি ছিলেন ভারতের ক্ষমাতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র। দিল্লির এই নেতা গত মাসের শেষ দিকে একটি টেলিভিশন সংবাদ বিতর্কে মহানবী (সাঃ) কে অবমাননা করে বক্তব্য দেন। তার মন্তব্যের সূত্র ধরে টু্ইটারে দিল্লির বিজেপি নেতা নাভিন জিন্দাল মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করেন। পরে তিনি টুইট মুছে ফেলেন। 

কিন্তু বিশেষ করে ঘটনার কেন্দ্রীয় চরিত্র নুপুর শর্মার মন্তব্য নিয়ে প্রথমে ভারতেই বিক্ষোভ শুরু হয়। কানপুরে গত শুক্রবার (৩ জুন) জুমার নামাজের পর বিক্ষুব্ধ মুসলমানদের সঙ্গে আরেক গ্রুপের সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। 

এই খবর ছড়িয়ে পড়ে। এর পর ৪ জুন থেকে মূলত মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। আরব বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারদের ডেকে নিয়ে প্রতিবাদ জানায়। সেই সঙ্গে অনেক দেশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভারতকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। কিছু দেশ ভারতকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে। 
আরব বিশ্বে ভারতীয় পণ্য বয়কট করার ট্রেন্ড শুরু হয়ে যায়। আর বিভিন্ন দেশে বিক্ষোভ তো চলমান। 

মুসলিম বিশ্বের কাছ থেকে খুব চাপে পড়ার পর বিজেপি গত ৫ জুন নুপুর শর্মাকে সাময়ীক বরখাস্ত করে। আর নাভিন  জিন্দালকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় দুজনই প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এরপর দিল্লিতে তাদের  বিরুদ্ধে মামলাও হয়েছে। 

কিন্তু মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় থামেনি। ওই দুজনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি দিনে দিনে আরো জোরালো হচ্ছে। ভারতীয় সরকারের মুসলিম বিশ্বের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক এখন খুব ঝামেলাপূর্ণ একটি অবস্থায় পড়ে গেছে। নিজেদের দেশেও প্রতিবাদ-বিক্ষোভের মুখে এখন চাপে তারা। শুক্রবার দেশটির ১৪ রাজ্যে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদ দিনে দিনে বাড়ছে।