শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহানবী (সাঃ) কে অবমাননা, দোষীদের কঠোর শাস্তি চাইল দেওবন্দ

মোহাম্মদ খাইরুল আমিন • 08 জুন 2022, 07:47 বিকাল • 798 বার পঠিত
মহানবী (সাঃ) কে অবমাননা, দোষীদের কঠোর শাস্তি চাইল দেওবন্দ

হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই বহিষ্কৃত নেতা নুপুর শর্মা ও নাভিন জিন্দালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন দারুল উলুম দেওবন্দের ওলামারা। দারুল উলুম দেওবন্দ ভারতের একটি বিখ্যাত মাদরাসা। দুনিয়া জুড়ে এর খ্যাতি আছে। 

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত দারুল উলুম দেওবন্দ মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানায়। 

দারুল উলুম দেওবন্দের মোহতামিম মাওলানা মুফতি আব্দুল কাসিম নোমানি বিবৃতিতে বলেন, ‘‘মুসলমানরা নিরাপত্তা ও শান্তির জন্য এই দেশে যথেষ্ট ভূগছে। তবে হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মান নিয়ে কেউ ঔদ্ধত্ব করলে তা গ্রহণযোগ্য নয় আর তাতে চুপ থাকাও সম্ভব না।’’

মাওলানা নোমানি বিবৃতিতে আরো বলেন, ‘‘এটা আমাদের সেকুলার দেশ যেখানে সব ধর্মের মানুষের জন্য নিরাপত্তা আছে। কিন্তু গত কয়েক বছর ধরে ধর্মীয় আবেগে আঘাত করা এবং ধর্মীয় ব্যক্তিত্বদের গৌরবে আঘাত করা সাধারণ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’’

তিনি অভিযোগ করেন, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মীয় গ্রন্থকে টার্গেট করা হচ্ছে। আর তা ঘটছে সাম্প্রদায়িকতা বেড়ে যাওয়ায়। বৈশ্বিকভাবে তাতে ভারতের সেকুলার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তিনি বলেন, মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 

প্রসঙ্গত, ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন সংবাদ বিতর্কে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দলটির দিল্লির মিডিয়া বিভাগের প্রধান নাভিন জিন্দাল টুইট করে নুপুর শর্মার সঙ্গে যোগ দেন। বিশেষ করে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের
ঝড় ওঠে। বিজেপি রোববার এই দুজনকে যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করে। 

এই ইস্যুতে গোটা আরব বিশ্বে ভারত খুব চাপে আছে। তাদের হাই কমিশনারদের ডেকে ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশ, মহানবী (সাঃ) কে অবমাননার জন্য ভারতকে ক্ষমা চাইতে বলেছে।