শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহানবী (সাঃ) কে অবমাননা, বায়তুল মুকাররম এলাকায় ব্যাপক বিক্ষোভ

মোহাম্মদ খাইরুল আমিন • 10 জুন 2022, 04:56 দুপুর • 412 বার পঠিত
মহানবী (সাঃ) কে অবমাননা, বায়তুল মুকাররম এলাকায় ব্যাপক বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী দল। বায়তুল মোকাররম মসজিদসহ পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশে মানুষের ঢল নামে।  

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মুকাররাম প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশ নেন। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত দুই নেতা নুপুর শর্মা ও নাভিন জিন্দালের মহানবী (সাঃ) কে নিয়ে করা কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। এর পর প্রতিবাদ মিছিল বের করা হয়।

এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা ইসহাকের নেতৃত্বে খেলাফত মজলিশ, ইসলাম ঐক্যজোট, জমিয়তে উলামায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি ইসলামী দল। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই তার বক্তব্যে চলমান সংসদ অধিবেশনে ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির জন্য নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন। তিনি আরো জানান, আগামী ১৭ জুন ভারতীয় হাইকমিশনে এর প্রতিবাদে স্মারকলিপি দেয়া হবে। 

ইসলামী দলগুলোর এই বিক্ষোভ, প্রতিবাদ মিছিল কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে এই মিছিল ছিল শান্তিপূর্ণ। 

বায়তুল মুকাররমের সামনে জুমার নামাজের পর প্রতিবাদ সমাবেশ হয়। এর পর হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বায়তুল মুকাররাম থেকে রওনা করে রাজধানীর কাকরাইলের নাইটঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

নুপুর শর্মা ঘটনার কেন্দ্রে। তিনি ছিলেন ভারতের ক্ষমাতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র। দিল্লির এই নেতা গত মাসের শেষ দিকে একটি টেলিভিশন সংবাদ বিতর্কে মহানবী (সাঃ) কে অবমাননা করে বক্তব্য দেন। তার
মন্তব্যের সূত্র ধরে টু্ইটারে দিল্লির বিজেপি নেতা নাভিন জিন্দাল মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করেন। পরে তিনি টুইট মুছে ফেলেন।

কিন্তু বিশেষ করে ঘটনার কেন্দ্রীয় চরিত্র নুপুর শর্মার মন্তব্য নিয়ে প্রথমে ভারতেই বিক্ষোভ শুরু হয়। কানপুরে গত শুক্রবার (৩ জুন) জুমার নামাজের পর বিক্ষুব্ধ মুসলমানদের সঙ্গে আরেক গ্রুপের সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। 

এই খবর ছড়িয়ে পড়ে। এর পর ৪ জুন থেকে মূলত মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। আরব বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারদের ডেকে নিয়ে প্রতিবাদ জানায়। সেই সঙ্গে অনেক দেশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভারতকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। কিছু দেশ ভারতকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে। 

আরব বিশ্বে ভারতীয় পণ্য বয়কট করার ট্রেন্ড শুরু হয়ে যায়। আর বিভিন্ন দেশে বিক্ষোভ তো চলমান। 

মুসলিম বিশ্বের কাছ থেকে খুব চাপে পড়ার পর বিজেপি গত ৫ জুন নুপুর শর্মাকে সাময়ীক বরখাস্ত করে। আর নাভিন জিন্দালকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় দুজনই প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এরপর দিল্লিতে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। 

কিন্তু মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় থামেনি। ওই দুজনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি দিনে দিনে আরো জোরালো হচ্ছে। ভারতীয় সরকারের মুসলিম বিশ্বের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক এখন খুব ঝামেলাপূর্ণ একটি অবস্থায় পড়ে গেছে।