মহাকাশ গবেষণা থেকে সরানো হলো কৃষিবিদ আব্দুস সামাদকে
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থাকা কৃষিবিদ মো. আব্দুস সামাদকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে আদেশ জারি করেছে।
একই আদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরুন নাহার হেনাকে বদলি করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক করা হয়। এছাড়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
সম্প্রতি ভারত সফল চন্দ্র অভিযানের পর আলোচনা উঠে বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) কার্যক্রম নিয়ে। সংস্থার চেয়ারম্যান মো. আব্দুস সামাদের পড়াশোনা করেছেন কৃষির ওপর। এ নিয়ে কিছুদিন যাবৎ ব্যাপক সমালোচনা তৈরি হয়।
বিশেষ করে প্রতিষ্ঠানে বিসিএস প্রশাসন ক্যাডারের লোকবল দায়িত্বে থাকা নিয়ে সমালোচনা তৈরি হয়। এরই মধ্যে তাকে সরানো হলো স্পারসো থেকে।