মেজর সিনহা হত্যার বিচারকাজ নিয়ে যা ঘটছে
করোনার দ্বিতীয় ঢেউ থেকে আত্মরক্ষায় সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। বন্ধ রয়েছে অফিস-আদালত। আর আদালত বন্ধ থাকায় কিছুটা স্থবির হয়ে পড়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচারকাজ। তবে এ মামলার অন্যান্য কাজ এগিয়ে রয়েছে।
সিনহা হত্যা মামলায় মোট অভিযুক্ত ১৫ জন। এর মধ্যে কারাগারে রয়েছেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১৪ জন। তবে এখনো একজন পলাতক রয়েছেন।
বিচারিক আদালতে আলোচিত এ মামলার দিন ধার্য ছিল গত ৮ এপ্রিল। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় সরকারের বিধিনিষেধ থাকায় সেদিন আর কার্যক্রম চলেনি। আদালত খুললেই শুরু হবে এ মামলার কাজ।
এরই মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলার সব নথিপত্র কক্সবাজার জেলা জজ আদালতে পৌঁছেছে। পাবলিক প্রসিকিউটর জানান, করোনার কারণে বন্ধ থাকায় আদালতে নথিপত্র উপস্থাপন হয়নি। মামলায় অভিযুক্ত পুলিশ সদস্যরা আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন। তবে তা নামঞ্জুর করেছে আদালত।