মধ্যরাতে তানভীর ইমামের বাড়ি বলে শতাধিক ব্যক্তির তল্লাশি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় ‘ছাত্র-জনতা’ নামক একদল যুবক অভিযানে নামে। তাদের অভিযোগ, তানভীর ইমামের বাসায় ‘অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ’ মজুদ রয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের এইট-আই নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। প্রথমে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন না, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইভ সম্প্রচার শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে, ‘ছাত্র-জনতা’ তানভীর ইমামের বাসায় অভিযান চালাবে। এরপর গুলশান ২-এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জমায়েত হন। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করেন। বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে, কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে গেট খুলে দিলে প্রায় শতাধিক যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ফ্ল্যাটের প্রতিটি কক্ষ তল্লাশি করেন।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে পুলিশ যায়। রাত দেড়টার দিকে যান সেনা সদস্যরা। ততক্ষণে ওই বাড়ির ভেতরে সবকিছু তল্লাশির নামে তছনছ করে ফেলা হয়।
অভিযানে থাকা যুবকদের একজন রাজীব জানান, তাদের কাছে গোপন তথ্য ছিল যে, তানভীর ইমামের বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল অর্থ মজুদ রয়েছে। তবে অভিযানের সময় এসব কিছু উদ্ধার করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্র-জনতাকে জিজ্ঞাসা করে এবং পরে তারা ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান রাত ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি। যার সঙ্গে ২০-২৫ বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি।
বাড়িতে টাকা ও অস্ত্র আছে অভিযোগ করে আজকে ছাত্র পরিচয়ে কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি, এর সাথে কিছু অছাত্রও ছিল।"
এদিকে, তানভীর ইমামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অবৈধ সম্পদ ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ওঠেছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে এবারের অভিযানে অবৈধ অস্ত্র, মাদক বা অর্থ উদ্ধার না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।