মধ্যরাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি, দেখতে পারবেন সাধারণ দর্শকরাও
চলতি বছরের অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এর আগে নিয়ম অনুযায়ী বিশ্ব ভ্রমণ করছে ট্রফি।
বাংলাদেশেও আসছে বিশ্বকাপের ট্রফি। ৬ আগস্ট রবিবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে ট্রফিটি। এরপর ৩ দিন নানা কার্যক্রম রয়েছে ট্রফির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
প্রথমদিন পদ্মা বহুমুখী সেতুতে যাবে বিশ্বকাপ শিরোপা। দুপুর ৩টায় মাওয়া প্রান্তে হবে আনুষ্ঠানিক ফটোসেশন। পরের দিন ৮ আগস্ট মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনা হবে ট্রফি।
সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ট্রফি থাকবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা, উপস্থিত সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে প্রদর্শন করা হবে ট্রফিটি।
আগামী ৯ আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ট্রফিটি। এদিন ট্রফিটি দর্শকরা দেখতে পারবেন ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি সেখানে থাকবে। এই দিন সাধারণ দর্শকরা কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন ট্রফিটি।