শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডব,২৮জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2022, 11:23 দুপুর • 420 বার পঠিত
মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডব,২৮জনের মৃত্যু

মধ্য আমেরিকায় তাণ্ডব চালাচ্ছে হারিকেন জুলিয়া। জানা যায় শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে অঞ্চলটিতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

এর মধ্যে এল সালভাদর এবং গুয়াতেমালায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার নিকারাগুয়ায় আঘাত হানার পর হারিকেন জুলিয়া বিলুপ্ত হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের সেটি শক্তি সঞ্চয় করে। এরপর থেকে গুয়াতেমালা এবং এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এপি জানিয়েছে, ঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল হিসেবে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সালভাদোরান কর্তৃপক্ষ পাঁচ সৈন্যসহ ১০ জনের মৃত্যুর খবর জানিয়ে বলেছে, এক হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে গুয়াতেমালার দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচজন মারা গেছে, তাদের কবর দেওয়া হয়েছে। এছাড়া মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে উদ্ধার কাজ চালাতে গিয়ে এক সৈন্যসহ নয়জন মারা গেছেন।

এল সালভাদরের কর্তৃপক্ষ জানিয়েছে, কোমাসাগুয়া শহরে আশ্রয় নেয়া একটি বাড়িতে প্রাচীর ধসে পাঁচজন সৈন্য মারা গেছে। ওই এলাকায় শত শত পুলিশ এবং সৈন্য গ্যাং-বিরোধী অভিযান পরিচালনা করছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরো এক সেনা।

 ভারী বৃষ্টির কারণে এল সালভাদরের বহু নদী কার্যত উপচে পড়েছে। এতে করে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি ৮০টি আশ্রয়কেন্দ্র খুলেছে দেশটি।