শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাত্র ১০ মিনিটে বিমানবন্দর থেকে তেজগাঁও

onp24 • 08 জুলাই 2023, 08:42 রাত • 584 বার পঠিত
মাত্র ১০ মিনিটে বিমানবন্দর থেকে তেজগাঁও

চলতি বছরের সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে এ উড়াল সড়কের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ (১২ কিলোমিটার) উদ্বোধন করবেন। ফলে মাত্র ১০ মিনিটে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যাওয়া যাবে। দৃষ্টিনন্দন এই  এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার মধ্যদিয়ে রাজধানীবাসী দীর্ঘদিনের অসহনীয় যানজট থেকে মুক্তি পাবে।

ইতিমধ্যে দেখা গেছে, বিমানবন্দর থেকে তেজগাঁও এলাকার কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এখন কিছু জায়গায় বিটুমিন দেওয়াসহ রোড মার্কিংয়ের কাজ চলছে। আবার কোথাও কোথাও রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। শ্রমিকরা ধোয়া-মোছার কাজ করছেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সড়ক পরিবহন শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের কাওলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে সরকারি-বেসরকারি অংশীদারত্বে। প্রকল্পটি তিন ধাপে সম্পন্ন হচ্ছে। প্রকল্পের কাজের অগ্রগতি ৬৩ দশমিক ২০ শতাংশ।

ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানীর যানবাহনের চাপ অনেক কমে যাবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট, সময় ও খরচ অনেক কমে যাবে। যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ হলে প্রকল্পটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

উড়াল সড়ক নির্মাণে প্রথম ধাপে প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি ৯৭ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে ১ হাজার ৪৮২টি পাইল, ৩২৬টি পাইল ক্যাপ, ৩২৫টি কলাম, ৩২৫টি ক্রস-বিম, ৩ হাজার ৪৮টি আই গার্ডার। এছাড়া আরো ৩ হাজার ৪৮টি আই গার্ডার এবং ৩২৮টি ব্রিজ ডেক স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

বনানী থেকে তেজগাঁও পর্যন্ত দ্বিতীয় ধাপে কাজের অগ্রগতি ৫৪ দশমিক ২২ শতাংশ। এছাড়া নির্মাণ সম্পন্ন হয়েছে ১ হাজার ৬৩৩টি পাইল, ৩২৩টি কলাম, ৩২০টি ক্রস-বিম, ২ হাজার ৩০৫টি আই গার্ডার । আরো ২ হাজার ৪৪টি আই গার্ডার এবং ২৩৩টি ব্রিজ ডেক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিং (সিসিবি) কাজের ভৌত অগ্রগতি ৯১ দশমিক ১৫ শতাংশ। তৃতীয় ধাপে কাজের অগ্রগতি ৫ দশমিক ৬৭ শতাংশ মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত।