মার্কিন সেনারা দায়েশের সদস্যদের তেলক্ষেত্রে পৌঁছেতে সাহায্য করেছে
মার্কিন সেনারা আবারো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন সদস্যকে হেলিকপ্টারে করে দেশটির পূর্বাঞ্চলের একটি তেলক্ষেত্রে পৌঁছে দিয়েছে। শনিবার তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা তেলক্ষেত্র সূত্রের বরাত দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৬০ জন মতো দায়েশ সন্ত্রাসীকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের হেলিকপ্টারে করে দেইর আজ-জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে পৌঁছে দেয়া হয়।
২০১৪ সাল থেকে এই জোট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করে আসছে তবে নানা সময়ে সন্ত্রাসীদের সহায়তা করা ছাড়া সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী তেমন কোনো তৎপরতা চোখে পড়ে নি। সিরিয়ায় কথিত সন্ত্রাস-বিরোধী অভিযানের জন্য তারা দামেস্ক সরকারের কোনো অনুমতিও নেয় নি এ জোট।
তুর্কি পত্রিকাটি বলেছে, দায়েশের এসব সন্ত্রাসীকে কুর্দি গেরিলা গোষ্ঠী পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। ওয়াইপিজি’র প্রতি মার্কিন সরকারের সমর্থন রয়েছে।