মার্কিন নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যমে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সারা বিশ্বের ওপরই গভীর অভিঘাত তৈরি করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের খবরের প্রধান শিরোনাম আজ সেটিই।
রাশিয়ায় মঙ্গলবার চ্যানেল ওয়ান টিভির সকালের অনুষ্ঠানে বলা হয়,‘এই নির্বাচন এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।’
আরেকটি চ্যানেল ‘রুশিয়া ২৪’ বলেছে, বিক্ষোভকারী আর লুটেরাদের কাছ থেকে রক্ষায় আমেরিকার সর্বত্র বিভিন্ন ভবন, দোকানপাটে এখন ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সিবিএস টিভিকে যে সাক্ষাৎকার দিয়েছেন, দেশটির ইংরেজি ভাষার টিভি চ্যানেল প্রেস টিভি সে বিষয়ে একটি খবর প্রচার করেছে।
তিনি বলেছেন,‘যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ বন্ধ করে, তাহলে হোয়াইট হাউসে যিনিই থাকুন, পরিস্থিতি কিন্তু বদলে যাবে।’
আরব গণমাধ্যমে এই নির্বাচনের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।
সৌদি আরবের আল আরাবিয়া টিভি বলেছে,‘অভূতপূর্বভাবে বিভক্ত এবং খুবই উত্তেজনাকর এক পরিবেশে এই নির্বাচন হচ্ছে, দাঙ্গা এবং বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।’