মার্কিন কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র
মিয়ানমারে অবস্থান করা মার্কিন কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্রপন্থিদের আন্দোলনে রক্তক্ষয়ী ধরপাকড়ের পর এমন নির্দেশ দেয়া হল।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার অনুমোদন দিয়েছিল বাইডেন প্রশাসন। তখন গণতান্ত্রিক সরকারের দাবিতে বিক্ষোভে সামরিক সহিংসতার প্রাথমিক পর্যায় ছিল। কিন্তু মিয়ানমারে রক্তক্ষয়ী সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এবার কর্মকর্তাদের দেশে ফিরে যেতে নতুন আদেশ দেয়া হয়েছে।
শনিবার সামরিক বাহিনীর গুলিতে শিশুসহ ১৪১ জন নিহত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।
অভ্যুত্থানের বিরুদ্ধে তার পর থেকেই সেখানে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে জান্তা বাহিনী বলপ্রয়োগ করছে। বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।