শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না ইরান

মোহাম্মদ খাইরুল আমিন • 13 এপ্রিল 2026, 06:57 বিকাল • 120 বার পঠিত
মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ইরান; এমন স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী ও ইরানের বন্দর অবরোধের ঘোষণা ঘিরে উত্তেজনার মধ্যেই এ প্রতিক্রিয়া এলো দেশটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের চাপ বা হুমকির কাছে ইরান নতি স্বীকার করবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ও ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দেওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দাবি করেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় উভয় পক্ষই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিল। তবে শেষ পর্যন্ত তেহরানকে সর্বোচ্চ চাপ, শর্তের ঘনঘন পরিবর্তন এবং অবরোধমূলক অবস্থানের মুখে পড়তে হয়েছে।

ইসলামাবাদে আলোচনা ভেঙে যাওয়ার পর রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দেন ট্রাম্প।

এর জবাবে ঘালিবাফ কড়া ভাষায় সতর্ক করে বলেন, এই তথাকথিত অবরোধের ফল খুব দ্রুতই যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে।

জ্বালানির দামের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি অব্যাহত থাকলে তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে।

ইরানের স্পিকার বলেন, বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। এমন তথাকথিত অবরোধের কারণে দ্রুতই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের জলসীমার কাছাকাছি এলে যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিবিসি