মারিউপোলে ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার অনুমতি দিতেই এ যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বৃহস্পতিবার সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে উন্মুক্ত হবে এ মানবিক করিডোর।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, এ মানবিক কাজটি সফল করতে আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সরাসরি অংশগ্রহণের প্রস্তাব করছি।
এছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসিকে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।