শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মারিউপোলে বিজয় ঘোষণা করলেন পুতিন

মোহাম্মদ খাইরুল আমিন • 21 এপ্রিল 2022, 03:04 দুপুর • 378 বার পঠিত
মারিউপোলে বিজয় ঘোষণা করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর মারিউপোল সফলভাবে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। প্রায় দুই মাস ধরে এই শহরটি রুশ সৈন্যরা দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। নিদারুণ রক্তপাতের পর তাদের সাফল্য এল।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পক্ষ থেকে মারিউপোলে আটকে পড়া হাজারো নারী, শিশু ও বৃদ্ধ মানুষকে বের করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সফলভাবে মারিউপোলকে মুক্ত করে ফেলার ঘোষণা দিলেও পুতিন আজোভস্তাল ইস্পাত কারখানাকে ধ্বংস করার বদলে সেটিকে দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের শেষ সেনাদের অনেকে সেখানে অবস্থান করছেন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু বলেছেন, রুশ সেনাদল কেবল ইস্পাত কারখানাটি বাদে সব দখলে নিয়েছে। পুতিন এরপর আদেশ করেন ওই কারখানাকে এমনভাবে ঘিরে ফেলতে যাতে করে ‘একটা মাছিও পালাতে না পারে’।

এতে করে এমন মনে হতে পারে যে গত সপ্তাহে পরিস্থিতি যা ছিল তা থেকে নাটকীয়ভাবে সবকিছু এখনো বদলে যায়নি। 

মারিউপোলের মেয়র ভাদিম বইশংকো বলেছেন, ইউক্রেন ৯০টা বাস প্রস্তুত রেখেছে। এগুলো শহরে ঢুকে ৬,০০০ মানুষকে বের করে নিয়ে যাবে। তবে শহরের নিরাপত্তা ব্যবস্থা ভালো নেই বলেও জানান তিনি। 

ধারণা করা হচ্ছে এখনো ১ লাখের মতো বেসামরিক মানুষ মারিউপোলে আটকে আছেন। মেয়র ভাদিম বইশংকো তেমনই বলেছেন। আগে অবশ্য তিনি বলেছিলেন, তার বিশ্বাস রাশিয়া এই শহর অবরুদ্ধ করার পর ২০,০০০ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। এই সংখ্যা খতিয়ে দেখা সম্ভব হয়নি।