‘মার্চ ফর গাজা’ ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত বাংলাদেশ
১২ এপ্রিল শনিবার, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। সোহরাওয়ার্দী উদ্যান রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে—হাজারো মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
বাংলাদেশের এই ব্যতিক্রমী সমাবেশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও দৃষ্টি কেড়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শিরোনাম করে—“বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলবিরোধী বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ।” তারা প্রতিবেদনটিতে উল্লেখ করে, হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ও স্লোগান দিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
আরব নিউজ তাদের প্রতিবেদনে দাবি করেছে, ঢাকার এই সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে এবং এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে আখ্যায়িত করেছে।
দ্য ইন্ডিপেনডেন্ট বলেছে, সমাবেশে অংশ নিয়েছিল প্রায় এক লাখ মানুষ এবং এতে বিএনপি ও ইসলামী দলগুলোর সক্রিয় সমর্থনের কথা উঠে এসেছে।
দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনেও বলা হয়েছে, লক্ষাধিক মানুষ ঢাকায় ইসরায়েলবিরোধী সমাবেশে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে।
কানাডার সিটিভি নিউজ এবং টাইমস অব ইসরায়েল-এও বাংলাদেশের এই বৃহৎ ফিলিস্তিনপন্থি সমাবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক অবস্থানকে জোরালোভাবে উপস্থাপন করেছে।