মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত
ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের চালানো হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েক জন। এ ঘটনায় কিছু সন্দেহভাজন মাওবাদীও নিহত হয়েছেন বলে ভাষ্য পুলিশের।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ বাহিনীর ওপর মাওবাদী নাকশালরা গুলিবর্ষণ করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
নিরাপত্তা বাহিনীর যৌথ ওই দলটি নাকশালবিরোধী অভিযানে যাওয়ার পর ছত্তিশগড়ের টারেম এলাকায় দু’পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয় বলে রাজ্য পুলিশের মহাপরিচালক জানিয়েছেন।
চীনা বিপ্লবের নেতা মাও সেতুং-এর অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে দিল্লি। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।