মাঙ্কিপক্স নিয়ে দেশের সব বন্দরে সতর্কতা জারি
বিশ্বে এখন আতঙ্ক ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। বাংলাদেশও এই পক্স নিয়ে সতর্ক। তাই মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধের জন্য দেশের প্রতিটি স্থল, নৌ ও বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
জানা যায়, এখন পর্যন্ত বিশ্বের ১২টি দেশে ধরা পড়েছে মাঙ্কিপক্স নামের সংক্রামক এ রোগ। করোনাভাইরাসের পর এখন দুনিয়ার জন্য উদ্বেগ বয়ে এনেছে এই ভাইরাস।
শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান বন্দরসমুহে সতর্কতা জারির কথা।
ডা. নাজমুল ইসলাম বলেন, বিমানবন্দর, স্থলবন্দরসহ সব বন্দরে আমরা সতর্কতা জারি করেছি। এছাড়া বিমানবন্দরে মেডিক্যাল অফিসারদের সতর্ক থাকতে বলেছি। সন্দেহভাজন কেউ এলে যেন তাকে চিহ্নিত করা যায় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
তিনি অবশ্য মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন। বলেছেন, ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। আমরা ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সারাবিশ্ব থেকে এ রোগ বিষয়ে জানবো, তথ্য-উপাত্ত নেবো। এরপর যদি কোনো কিছু করতে হয় অবশ্যই আমরা তা করবো।
এই রোগের প্রথম কেস ধরা পড়ে ইংল্যান্ডে। ৭ মের ঘটনা সেটি। এর পর সব মিলে এখন পর্যন্ত বিশ্বের যে ১২ দেশে এটি পাওয়া গেছে সেই দেশগুলো হলো বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কানাডা ও অস্ট্রেলিয়া।