মালয়েশিয়ায় পণ্য মূল্য হ্রাস, সুপারশপে ছাড়ের প্রতিযোগিতা
রমজানের শুরুতে মালয়েশিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও প্রসাধনী, পোশাকসহ সকল পণ্যের মূল্য হ্রাস পেয়েছে। দেশটির সুপারশপ জায়ান্ট, লুলু, মাইডিন, এনএসকে, এয়ন বিগ-এর মতো চেইন শপগুলো ইতোমধ্যে ছাড়ের প্রতিযোগিতায় নেমেছে।
প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন গত (১৪ এপ্রিল) রমজান উপলক্ষে বাজার ঘুরে বিভিন্ন খাবারের মান ও দাম পর্যবেক্ষণ করেন। এছাড়াও বছরের অন্যান্য সময়ের থেকে এসময় নজরদারি আরো বাড়ায় প্রশাসন ও সিটি করপোরেশন।
তেল, চাল, আলু থেকে শুরু করে মাছ, মাংসের দামও কমানো হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বর্তমান ও পূর্বের পণ্যের দামসহ ছাড়ের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিস নয় পোশাক, প্রসাধনী থেকে শুরু করে অন্যান্য প্রায় সব জিনিসের উপরও মাসজুড়ে চলবে এ ছাড়।
করোনা মহামারির মধ্যে অনলাইনের জনপ্রিয়তাও বেশ তুঙ্গে। রমজান উপলক্ষে লাজাডা, শপি’র মতো অনলাইনও দিচ্ছে বিশেষ ছাড়। পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন মসজিদে বিনামূল্যে ইফতারি ও খাবারের ব্যবস্থা রাখা হয়। যদিও করোনা মহামারির কারণে এ বছর সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন না।
বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বিরতি দিয়ে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য খোলা রেখেছে মালয়েশিয়া সরকার। তবে বিধিনিষেধ রয়েছে পর্যটকদের মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে।