মালিতে সন্দেহভাজন জিহাদিদের হামলায় চার শান্তিরক্ষী নিহত
মালির উত্তরাঞ্চলীয় আগুয়ালহকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ক্যাম্পে শুক্রবার সন্দেহভাজন জিহাদিদের হামলায় চার শান্তিরক্ষী নিহত হয়েছে। এ ঘটনায় চার সেনা নিহত ও ১৯ জন আহত হয়েছে।
এমআইএনইউএসএসএ জানায়, শান্তিরক্ষীরা ‘সাহসিকতার সাথে সশস্ত্র সন্ত্রাসীদের চালানো ব্যাপক হামলার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে।’ তারা আরো জানায়, শান্তিরক্ষী বাহিনীর পাল্টা অভিযানে হামলাকারীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা ‘তাদের অনেক মৃতদেহ’ ফেলে পালিয়ে গেছে।
এমআইএনইউএসএসএ’র এক সূত্র জানায়, আলজেরিয়া সীমান্তের প্রায় ২০০ কিলোমিটার দূরে শাদের শান্তিরক্ষী বাহিনী লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
জাতিসংঘ সূত্র এ হামলাকে অত্যন্ত ভয়াবহ হিসেবে বর্ণনা করে। মটরসাইকেল ও গাড়িতে করে এসে এ হামলা চালানো হয়। এতে প্রায় একশ’ হামলাকারী অংশ নেয়।
সূত্র জানায়, উভয় পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এ সময় আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালানো হয়।
ওই সূত্র আরো জানায়, সেখানে শান্তিরক্ষী মিশনের পাল্টা অভিযানে প্রায় ২০ হামলাকারী নিহত হয়।