মাখোঁর ফের প্রেসিডেন্ট হওয়ার দিনে প্যারিসে বিক্ষোভ
ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে গত ৫ বছরে নিজেকে অন্য এক উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন এমানুয়েল মাখোঁ। রাজনীতিতে অপেক্ষাকৃত নবীন হয়েও বিশ্ব রাজনীতিতে বড় এক ভূমিকা পালন করা নেতা হিসেবে গড়ে উঠেছেন। ইউরোপিয়ান ইউনিয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে নানা ভারী মতামতে জড়িত হয়ে গেছেন।
সেই মাখোঁ এবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জিতলেন। মানে দ্বিতীয়বার দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।
৪৪ বছর বয়সী করিতকর্মা রাজনীতিক মাখোঁ সদাই কাজে ব্যস্ত থাকতে পছন্দ করেন। রোববারের রান-অফ নির্বাচনে জেতার পর তার ব্যস্ততা আরো বাড়বে তা বোঝাই যায়। আন্তর্জাতিক অঙ্গনে যেহেতু সুনাম অর্জন করে ফেলেছেন সেটা ধরে রেখে ইউক্রেন যুদ্ধ নিয়ে তাকে আরো কাজ করতে ব্যস্ত দেখা যাবে তা নিশ্চিত করে বলা যায়।
গতকাল রান-অফ নির্বাচন উগ্র ডানপন্থী নেতা হিসেবে পরিচিত মারিন লা পেনকে হারিয়ে ফের ৫ বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন মাখোঁ। তবে ভোটের ফল ঘোষণার পর রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করছে। টিয়ার শেলও ছুড়তে দেখা যায়।
রয়টার্স সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট হওয়া ছবির বরাত দিয়ে জানায়, ফল ঘোষণার পর প্যারিসের শ্যাতলেতে বিক্ষোভ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে।
মাখোঁ গত দুই দশকের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় রাউন্ডের রান-অফ ভোটে তিনি ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী লে পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট।