মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ক্লাস ২০ এপ্রিল পর্যন্ত, দুদিন ছুটি
২৬ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল আগে। সেই সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাধ্য ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল-কলেজ ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। এই রমজানে সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন। শুক্রবার ও শনিবার।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান। শিক্ষকদের কাছ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছিল।
গত সপ্তাহের সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক আদেশে বলা হয়, করোনার কারণে দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে। তাই ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদানের অনুরোধ করা হয়।
এর আগে সবসময় রোজায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকেছে। কিন্তু করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং এই বছরের সিলেবাস শেষ করার জন্য রমজানেও শিক্ষাদান চালু রাখার কথা বলা হয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। এর ১৮ মাস পর ২০২১ সালের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু এর পর করোনা আবার বেড়ে এ বছর ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। এরপর একে একে মাধ্যমিক,
উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। পরে মার্চের প্রথম সপ্তাহে
প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া হয়। রোজায় প্রাথমিক বিদ্যালয়ও ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকছে।