লরির ধাক্কায় অটোরিকশা ডোবায়, এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৭
আজ শনিবার দুপুরে নেত্রকোনার মদনে সড়কের বটতলায় রড বোঝাই লরির ধাক্কায় অটোরিকশায় থাকা এসএসসি পরীক্ষার্থীসহ ৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সুর্বনা আক্তার ও আনোয়ার হোসেন দুই শিক্ষার্থীকে অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
জানা যায় ,আহত সবাই এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
মদন উপজেলার কেশজানি বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে আটপাড়া উপজেলার তেলিগাতি ডিগ্রি কলেজে। শনিবার দুপুরে পরীক্ষা শেষে ৫ জন শিক্ষার্থী একটি অটোরিকশা দিয়ে তেলিগাতি থেকে বাড়ি ফিরছিলেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শায়ন্তনী শর্মা জানান, শিক্ষার্থী সুর্বনা আক্তার ও আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে তাদের হাত ও পা এর হাড় একাধিক স্থানে ভেঙে গেছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
কেশজানি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আলী আহম্মদ বলেন, লরির চাপায় বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি।
মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।