শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 এপ্রিল 2025, 07:22 বিকাল • 342 বার পঠিত
লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনের ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি হাছান মাহমুদকে। তিনি দেশে নেই বলে গুঞ্জন থাকলেও, এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে হাছান মাহমুদকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। আরেকটি ছবিতে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশার সঙ্গে হাছান মাহমুদকে দেখা গেছে। এছাড়া আরও দুই কিশোর ছবিতে উপস্থিত ছিল।

ওই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা বলেন, ‘ছবিতে হাছান মাহমুদের ডান পাশের দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে এবং অপরজন ভাতিজা।’

হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে আনাস পাশা বলেন ‘লন্ডনে পড়ালেখারত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি এখানে এসেছেন।’

এ বিষয়ে কথা বলতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।