লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব মালিকদের
শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার বেড়েছে বাসের ভাড়া। রেলমন্ত্রী রোববার আভাস দিয়েছেন রেলের ভাড়া বাড়ানোর। লঞ্চের মালিকরা এর মধ্যে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন।
ডিজেলের দাম ৪২ শতাংশ বাড়ায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি আজ রোববার লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত করে বিআইডব্লিউটিএতে পাঠিয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে গত বছরের নভেম্বরে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল।
শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের তাম বাড়ার পর বাসের ভাড়া ২২ শতাংশ বেড়েছে। এর পর দিন মানে আজ রোববার লঞ্চের ভাড়া বাড়ানো নিয়ে নিজেদের মধ্যে বৈঠকে করেন লঞ্চ মালিকরা।
লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, লঞ্চের ভাড়া ‘‘শতভাগ বাড়ানোর জন্য একটি চিঠি বিআইডব্লিউটিএ বরাবর দিয়েছি। কাল (সোমবার) এই বিষয়ে বৈঠক হওয়া কথা রয়েছে।’’
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানা গেছে, সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকের সূচি রয়েছে।
গত নভেম্বরে আগে ১০০ কিলোমিটারের মধ্যে দূরত্বে লঞ্চে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। এর পর তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়।
১০০ কিলোমিটারের বেশি দূরত্বে লঞ্চে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা নভেম্বরে তেলের দাম বাড়ানোর পর করা হয়েছিল ২ টাকা।
নভেম্বরেই লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল।
এবার আর কোনো ধাপ না রেখে একবারে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছে লঞ্চ মালিক সমিতি।