লঞ্চ ভ্রমণেও লাগবে এনআইডি বা জন্ম সনদ
লঞ্চে ভ্রমণের জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম সনদ দেখাতে হবে। এবারের ঈদের ভ্রমণ থেকে এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, একাধিক কারণে এটা বাধ্যতামূলক করা হচ্ছে।
আজ রোববার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত এসেছে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। ঈদ সামনে রেখে নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ওই সভা হয়।
খালিদ মাহমুদ বলেন, ‘টিকিট সংগ্রহের আগে এনআইডির কপি দিতে হবে। কেবিন বা ডেকে হোক, লঞ্চে উঠতে গেলে তাকে পরিচয়পত্র সরবরাহ করতে হবে। অন্যথায় আমাদের পক্ষে টিকিট দেওয়া সম্ভব হবে না। মালিক-শ্রমিক সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, ‘কেবিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে লঞ্চযাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে।’
তিনি জানান, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম সনদের ফটোকপি সঙ্গে রাখলে হবে। লঞ্চ কর্তৃপক্ষ জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম নিবন্ধন সনদ লিপিবদ্ধ করে রাখবেন।
যাত্রীদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা বলে জানান খালিদ মাহমুদ। তিনি আরো বলেন, ‘এর আরেকটি কারণ আছে। ইতোমধ্যে লঞ্চের কেবিনের মধ্যে দুর্ভাগ্যজনক কয়েকটি ঘটনা ঘটেছে। সেগুলো তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিপদের মধ্যে পড়ে যায়। কাজেই আমরা নিশ্চিত হতে চাই, কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে।’