লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার সকালে এই রায় ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মো. লিটন (২৯) এই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জসিম উদ্দিন এসব তথ্য জানান।
লিটন কমলনগরের চর কাদিরা ইউনিয়নের উত্তর চাকাদিরা গ্রামের মৃত মোছলেহ উদ্দিনের ছেলে। তিনি একজন ইটভাটা শ্রমিক।
মামলার বরাত থেকে জসিম উদ্দিন জানান, ২০১৭ সালে পারিবারিকভাবে লিটনের বিয়ে হয় একই গ্রামের ফুফাত বোন রুবিনা আক্তারের (১৭) সঙ্গে। ২০১৮ সালের ১৩ এপ্রিল বিকেলে রুবিনার মৃতদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজন জানায়, সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলাও হয়।
অবশ্য ময়নাতদন্তের প্রতিবেদনে রুবিনার মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার কথা জানা যায়। এর পর ওই বছর ৮ জুলাই কমলনগর থানায় লিটনকে আসামি করে হত্যা মামলা হয়। ৯ জুলাই লিটন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
লিটন জবানবন্দিতে বলেন, ঝগড়ার একপর্যায়ে একটি আমের ডাল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। তখন রুবিনা মারা গেছে ভেবে তার গলায় দড়ি পেঁচিয়ে আম গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে যান।