লকডাউন বাড়ানো জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ
লকডাউন দেওয়ার ফলে দেশে ৯৯% রোগীর জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, যার বিভিন্ন মেয়াদি প্রভাবে অনেক লোক ইতোমধ্যে মারা গেছে এবং আরও মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লকডাউন দীর্ঘায়িত করলে জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন ৯ স্বাস্থ্য বিশেষজ্ঞ।
রোববার (২ মে) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জনস্বাস্থ্যে লকডাউনের প্রভাব’- শীর্ষক এক সেমিনারে বক্তারা এমন আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় নয়জন স্বাস্থ্য বিশেষজ্ঞের পক্ষ থেকে লিখিত বিবৃতি পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অনুজীববিজ্ঞানী ড. মুহম্মদ মঞ্জুরুল করিম।
বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন, গত বছর করোনাভাইরাস আসার পর আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের নন-কোভিড রোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি ডেকে এনেছে। ২০২০ সালে দেশে মোট মৃত্যু ছিল ৮ লক্ষাধিক, কিন্তু করোনায় মৃত্যু ঘটে মাত্র ৮ হাজার লোকের, যা মোট মৃত্যুর মাত্র ১%। এ ১% মৃত্যুকে হ্রাস করতে গিয়ে বৈষম্যমূলক আচরণ করে বাকি ৯৯% মৃত্যুকে ত্বরান্বিত করা হয়েছে। বিশেষ করে, লকডাউন দেওয়ার ফলে এই ৯৯% রোগীর জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়, যার বিভিন্ন মেয়াদী প্রভাবে অনেক লোক ইতোমধ্যে মারা গেছে এবং আরও মারা যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।