লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় রক্ষীদের গুলিতে ছয়জন নিহত
লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় চরম বিশৃঙ্খলার মধ্যে রক্ষীদের গুলিতে ছয়জন নিহত হয়েছে। জাতিসংঘের অভিবাসী সংস্থা বলেছে, শরণার্থী এবং অভিবাসীদের বিরুদ্ধে চলমান সহিংস অভিযানের মধ্যেই এ নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, ত্রিপোলির ঘোট শাল বন্দিশালায় উপচে পড়া ভিড়ের কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় রক্ষীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মানুষ বন্দিশালার বেড়ার ফাঁক দিয়ে স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে এবং ত্রিপোলির রাস্তায় দৌড়াচ্ছে।
লিবিয়ায় মানবপাচারকারীদের বন্দিশালায় বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী আটকে থাকার প্রেক্ষাপটে গত সপ্তাহে সাঁড়াশি অভিযান চালায় কর্তৃপক্ষ। এসময় পাঁচ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়, যাদের অনেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী।
চিকিৎসা সহায়তাদানকারী দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, গত সোমবার (৪ অক্টোবর) থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির বন্দি কেন্দ্রে মানুষের সংখ্যা তিনগুণেরও বেশি হয়ে গেছে। একটি বন্দিকেন্দ্রে ৫৫০ জনের বেশি নারী রাখা হয়েছে। একই সেলের মধ্যে গর্ভবতী নারী, শিশু এমনকি নবজাতক শিশুকেও রাখা হয়েছে। সেখানে শতাধিক বন্দিকে ব্যবহার করতে হচ্ছে একটি টয়লেট।