লেবাননে ফিলিস্তিনিদের উদ্বাস্তু শিবিরে গোলাগুলিতে নিহত ৩ জন
লেবাননে ফিলিস্তিনিদের একটি উদ্বাস্তু শিবিরে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। ১২ ডিসেম্বর বুর্জ আল শিমালি শিবিরে এক ব্যক্তির জানাজার সময় এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।
ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক দল হামাস নিহতরা তাদের সদস্য ছিল বলে জানিয়েছে। এই রক্তপাতের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুগত বাহিনীগুলোকে দায়ী করেছে তারা।
হামাস তাদের বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনী ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস হামলাটি চালিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা হামলার নিন্দা জানিয়েছেন। তারা হামাসের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আর শুরু হওয়া তদন্তের ফল না আসা পর্যন্ত সব পক্ষকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।
২০০৭ সালে গাজা ভূখণ্ডে স্বল্পস্থায়ী গৃহযুদ্ধের পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস পরস্পরের তিক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ওই লড়াইয়ের পর থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে চলে যায় আর ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত নিয়ন্ত্রণ বজায় থাকে। ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের বিরোধে এ পর্যন্ত পুনর্মিলনের অনেকগুলো প্রচেষ্টা ভেস্তে গেছে।
শুক্রবার রাতে বুর্জ আল শিমালি শিবিরে এক বিস্ফোরণে হামাসের এক সমর্থক নিহত হয়। রবিবার তার জানাজার পর গোলাগুলির ঘটনাটি ঘটে।