লেবানন থেকে আরো ৪১৯ প্রবাসী দেশে ফিরছেন
অনলাইন নিউজ পোর্টাল
•
18 ফেব্রুয়ারি 2021, 10:22 দুপুর
•
154 বার পঠিত
লেবাননে রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে স্বেচ্ছায় আরো ৪১৯ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছেন।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শুক্রবার সকালে তারা দেশে পৌঁছাবেন।
বুধবার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুকদের সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। অভিবাসীরা হাতে টিকিট পেয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান।
এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত চার হাজারেরও বেশি বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করেছেন। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে।