শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লালমনিরহাটে জুয়েলকে পিটিয়ে হত্যার ঘটনায় মুয়াজ্জিন গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2020, 05:09 বিকাল • 271 বার পঠিত
লালমনিরহাটে জুয়েলকে পিটিয়ে হত্যার ঘটনায় মুয়াজ্জিন গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেমের পর মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঘটনায় জড়িত।

গ্রেফতারকৃত মুয়াজ্জিন আফিজ উদ্দিন বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফউমুদ্দিনের ছেলে।

এ ঘটনায় পৃথক তিন মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ৯ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া ঢাকায় গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে মসজিদের খাদেম জোবেদ আলীসহ দুইজন আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও রিমান্ড ছাড়াই জবানবন্দি দিয়েছেন আব্দুল গণি নামে একজন।